খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

গুলিবিদ্ধ হলেও ‘জুলাই যোদ্ধা’ তালিকায় নেই বরিশালের কালু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
গুলিবিদ্ধ হলেও ‘জুলাই যোদ্ধা’ তালিকায় নেই বরিশালের কালু

২০২৪ সালের ১৭ জুলাই বাংলাদেশের রাজনীতিতে একটি রক্তাক্ত দিন হিসেবে স্মরণীয়। সেদিন কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষ, ছাত্র-জনতা এবং রাজনৈতিক কর্মীরা। বরিশালেও ঘটে ভয়াবহ সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা।

সেই দিনের পুলিশের গুলিতে গুরুতর আহত হন বরিশাল মহানগর বিএনপির ২৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ সিকদার ওরফে ‘কালু’।

এখনও তার শরীরে পুলিশের ছোড়া স্টিল বুলেটের ক্ষতচিহ্ন রয়ে গেছে। সর্বশেষ বরিশালের একটি বেসরকারি হাসপাতালে তার পা ও হাত থেকে ছয়টি বুলেট অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। তবে গলার ভিতরে এবং মাথায় থাকা গুলি অত্যন্ত জটিল ও জীবনঝুঁকিপূর্ণ। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা ছাড়া সুস্থ হওয়া প্রায় অসম্ভব।

গুলিবিদ্ধ হওয়ার পর থেকে কালুর চিকিৎসা ব্যয় বহনে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। কালু বলেন, “আমি উপার্জন করতাম, পরিবার চালাতাম। এখন বিছানায় শুয়ে থাকি, ছেলেমেয়ের মুখে দুমুঠো খাবার দিতে পারি না।” অর্থাভাবে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

সর্বাধিক আশ্চর্যজনক হলো, ‘জুলাই যোদ্ধা’র তালিকায় কালুর নাম নেই। রাজপথে জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নেওয়া ও গুরুতর আহত হওয়ার পরও সরকারি কোনো সহায়তা পাননি তিনি। কালুর স্ত্রী জানান, আহত হওয়ার পর পুলিশ হাসপাতালে এসে তাকে গ্রেপ্তার করতে চেয়েছিল।

২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা প্রশ্ন তুলেছেন, “আন্দোলনের সময় আমরা যারা রাজপথে ছিলাম, তাদের নাম কোথায়? প্রকৃত যোদ্ধাদের বাদ দিয়ে তালিকায় এসেছে অনেক অনুপস্থিত নাম।” তারা দাবি করেছেন, কালুর নাম অবিলম্বে তালিকায় অন্তর্ভুক্ত করা হোক এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হোক।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, “জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, অনেকের নাম তালিকায় নেই। তালিকা তৈরিতে স্বজনপ্রীতি ও কারচুপি হয়েছে।” তিনি নিজেও আহত হয়েছিলেন, কিন্তু তার নামও তালিকায় নেই।

বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “প্রথম ধাপে ৩৮৯ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ৬০ জনের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কালুর আবেদন নির্ধারিত সময়ের পরে আসায় এমআইএস-এ আপলোড করা যায়নি।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, “মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।”

বরিশাল জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. খালিদ মাহমুদ বলেন, “কালুর শরীরে এখনও বিপজ্জনক স্থানে গুলি রয়েছে। উন্নত চিকিৎসা ছাড়া সেরে ওঠা কঠিন, তবে এতে বিপুল ব্যয় প্রয়োজন।”

কালুর স্ত্রী বলেন, “আমি বারবার তাকে আন্দোলনে না যেতে বলেছিলাম। কিন্তু সে শুনেনি। এখন তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। অনেকেই সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে আর কেউ খোঁজ নেয়নি।” তিনি রাষ্ট্র ও দলীয় নেতাদের কাছে আবেদন করেছেন, “আমার স্বামীর চিকিৎসার ব্যবস্থা করুন এবং তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিন।”

এক বছর কেটে গেছে। গুলিবিদ্ধ কালু আজও ঘরে বসে চিকিৎসার জন্য অপেক্ষা করছেন। সচেতন মহল বলছে, “প্রকৃত ত্যাগী যোদ্ধাদের অবহেলা করা উচিত নয়। কালুর মতো কর্মীদের তালিকাভুক্ত করে রাষ্ট্রকে তাদের পাশে দাঁড়াতে হবে।”

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।