খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

গণঅভ্যুত্থানে শহীদ মুফতি শিহাবের লাশ তুলতে দেয়নি পরিবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
গণঅভ্যুত্থানে শহীদ মুফতি শিহাবের লাশ তুলতে দেয়নি পরিবার

জুলাই আন্দোলনে ঢাকায় শহীদ ভোলার লালমোহনের মুফতি শিহাবের লাশ কবর থেকে তুলতে দেয়নি তার পরিবার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে সিআইডি ও পুলিশের যৌথ টিম আদালতের নির্দেশে লালমোহন আসেন। দুপুর ১টার দিকে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজসহ লাশ উত্তোলন করতে যান। এ সময় শহীদ শিহাবের বাবা খলিল রদ্দি ও ভাইয়েরা লাশ উত্তোলন করতে দেননি।

শহীদ শিহাব উদ্দিন লালমোহন কালমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লেজ ছকিনা গ্রামের রদ্দি বাড়ির ছেলে। তিনি ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সাবেক কর্মকর্তা। এছাড়া তিনি যাত্রাবাড়ির একটি মসজিদের খাদেমও ছিলেন। চব্বিশের ১৯ আগস্ট যাত্রাবাড়ি এলাকায় গুলিতে শহীদ হন শিহাব উদ্দিন।

শিহাবের বাবা খলিল রদ্দি জানান, মৃত্যুর পর কবর থেকে লাশ উঠানোর নিয়ম ইসলামে নেই। তাই তারা লাশ উঠাতে আগ্রহী নন। তাছাড়া পরিবার থেকে কেউ মামলাও করেনি। তার বন্ধু পরিচয়ে একজন এ মামলা করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ হোসেন জানান, জুলাই-আগস্টের ঘটনায় শিহাবের পক্ষ হয়ে রফিক পাটোয়ারী নামে একজন মামলা করেছে। তার বাড়ি চাঁদপুর। মামলার পর আদালত থেকে লাশ উত্তোলন করার আদেশ দেওয়া হয়। আদেশের কপি নিয়ে তারা বৃহস্পতিবার লালমোহন আসেন। ম্যাজিস্ট্রেট নিয়ে লাশ উত্তোলন করতে গেলে পরিবার আপত্তি জানায়। যার কারণে তারা ফেরত যাচ্ছেন।

ইউএনও মো. শাহ আজিজ জানান, আদালত থেকে জেলা ম্যাজিস্টেটের কাছে লাশ উত্তোলনের জন্য নির্দেশ আসে। জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে তিনি লাশ উত্তোলন করতে যান। পরিবার আপত্তি জানানোর কারণে লাশ উত্তোলন করা হয়নি। এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।