খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

কুয়াকাটার সৈকতে ঝিনুকের ঝলক, পর্যটকে মুখরিত বালুচর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
কুয়াকাটার সৈকতে ঝিনুকের ঝলক, পর্যটকে মুখরিত বালুচর

স্টাফ রিপোর্টার : ভোরের হিমেল বাতাসে যখন কুয়াকাটার নীল সমুদ্র ধীরে ধীরে ছুঁয়ে যায় তীর, তখন চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য। ঢেউ ভাঙা বালুচরে ছড়িয়ে থাকা ঝিনুকের সারি। সূর্যের প্রথম আলো পড়তেই সেই রঙিন ঝিনুকগুলো ঝিকিমিকি করে ওঠে, যেন সমুদ্র নিজেই সাজিয়েছে মুক্তোর মালা। একদিকে বিশাল সমুদ্র, আরেক পাশে সবুজ বনবেষ্টনী।

তার মাঝখান দিয়ে বয়ে চলা বীচ পথ। হেঁটে চলতে চলতে মনে হয় প্রকৃতি যেন খুলে দিয়েছে নিজের সেরা প্রদর্শনী। দূর থেকে দেখলে বালুচরকে মনে হয় রূপালি কারুকাজে আঁকা এক বিশাল ক্যানভাস, আর সেই দৃশ্য দেখতে সকাল থেকেই ভিড় জমে পর্যটকদের। ঢেউয়ের ফাঁকে ছোট ছোট শিশুরা খুঁজে বেড়ায় ঝিনুক।

পেলে আনন্দে ভরে যায় তাদের চোখ-মুখ। তরুণ-তরুণীরা হাতে তোলে রঙিন ঝিনুক। কেউ রাখে স্মৃতির খাতায়, কেউ ক্যামেরার ফ্রেমে। আবারো ঢেউ আসে, আবার ঝিনুক পানিতে হেসে ওঠে।

বিকালের সোনালি আলোয় সৈকতের রূপ যেন আরো বদলে যায়। তখন ঝিনুক শুধু প্রকৃতির উপাদান নয়, হয়ে ওঠে ছবির কেন্দ্রবিন্দু। কেউ দাঁড়িয়ে, কেউ বসে; ঝিনুক হাতে ছবি তুলতে ব্যস্ত সবাই। কুয়াকাটায় আসা মানেই যেন একবার ঝিনুক হাতে ছবি না তুললে সফরটাই অপূর্ণ থেকে যায়। ভাটার সময় যখন সমুদ্রের পানি সরে যায়, তখন বালুচরে নেমে পড়েন স্থানীয় নারীরা।

তারা সংগ্রহ করেন ঝিনুক, যা শীতের মৌসুমে হয়ে ওঠে অর্থকড়ির উৎস। সৈকতের ধারে বসে যায় অস্থায়ী দোকান, যেখানে বিক্রি হয় ঝিনুক দিয়ে তৈরি হার, দুল, শোপিস, ছোট বাক্স। পর্যটকরা সেগুলো কিনে নিয়ে যান কুয়াকাটার একটি টুকরো স্মৃতি হিসেবে।

সেই দোকানগুলোর একটিতে বসে ফাতেমা বেগম ঝিনুক গেঁথে বলছিলেন, এই ঝিনুক দিয়েই সংসার চলে। মৌসুমে যা বিক্রি হয়, তা দিয়েই অনেক খরচ মেটাতে পারি। তবে তিনি জানেন, ঝিনুক সংগ্রহে পরিবেশের ক্ষতি হতে পারে। কিন্তু জীবিকা তো আর থেমে থাকে না।

এই সৌন্দর্যের আড়ালে আছে এক ধরনের শঙ্কা। পরিবেশকর্মী আরিফুর রহমান সতর্ক করে বলেন, ঝিনুকের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু লাগামহীন সংগ্রহ চলতে থাকলে কুয়াকাটার জীববৈচিত্র্য হুমকিতে পড়বে। প্রকৃতিকে বাঁচিয়ে রাখা জরুরি। উপকূলের পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, ঝিনুক শুধু দেখার বস্তু নয়, এটি উপকূলের প্রাণ। ঢেউয়ের তালে যখন ঝিনুক ঝলমল করে, মনে হয় প্রকৃতিই যেন তুলেছে তার সেরা রঙতুলি।

কবি হেনরী স্বপনের ভাষায়, কুয়াকাটার ঝিনুক মানেই এক খণ্ড কবিতা। সকাল থেকে সন্ধ্যা ঝিনুক আর ঢেউ মিলিয়ে তৈরি করে এক অনবদ্য ছন্দ, যা হৃদয়ে থেকে যায় দীর্ঘকাল। আর সেই মুহূর্তে, সৈকতের ধারে দাঁড়িয়ে মনে হয় সমুদ্র শুধু ঢেউ নয়, তার গভীরে লেখা আছে প্রকৃতির শ্রেষ্ঠ কবিতা, ঝিনুকের ভাষায় আর ঢেউয়ের ছন্দে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।