খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

কলাপাড়া পৌরসভার অপরিকল্পিত উন্নয়নে বেড়েছে নাগরিক দুর্ভোগ

কলাপাড়া প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
কলাপাড়া পৌরসভার অপরিকল্পিত উন্নয়নে বেড়েছে নাগরিক দুর্ভোগ

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নাগরিকদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের ব্যস্ততম সড়কগুলোতে জলাবদ্ধতা, খানাখন্দে ভরা রাস্তা, অপরিকল্পিত ড্রেন নির্মাণ এবং ময়লা ব্যবস্থাপনার অব্যবস্থাপনা নিত্যদিনের সমস্যা। এসব সমস্যা নাগরিকদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।

জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার চিত্র
কলাপাড়া পৌরসভার ৩ নম্বর রহমতপুর ওয়ার্ডের একটি আবাসিক এলাকার ব্যস্ত সড়কে বর্ষা মৌসুমে মাসের পর মাস পানি জমে থাকে। এমন দৃশ্য শহরের অয়েলমিল মসজিদ সড়ক, টিএনও সড়ক, হাসপাতাল সড়ক, ইসমাইল তালুকদার টেকনিক্যাল সড়ক, নজরুল ইসলাম সড়ক, পল্লী বিদ্যুৎ সড়ক, নাচনাপাড়া সড়ক, রহমতপুর কানেকটিং সড়ক ও ভূমি অফিস সড়কেও দৃশ্যমান। খানাখন্দে ভরা এসব সড়কে যানবাহন চলাচল ও পথচারীদের চলাফেরা দুরূহ হয়ে পড়েছে।

অপরিকল্পিত ড্রেন নির্মাণও সমস্যা আরও জটিল করেছে। সড়কের চেয়ে উঁচু ড্রেন নির্মাণের ফলে ফুটপাথ হিসেবে ব্যবহারের উপযোগিতা হারাচ্ছে। ফের ড্রেন ভেঙে সড়কের সমান্তরাল করার উদ্যোগ নেওয়া হলেও এতে পৌরসভার অর্থ অপচয় হচ্ছে। এছাড়া, অনুমোদনহীন নকশায় বাড়ি নির্মাণ ও সড়ক সংকুচিত হওয়ায় শহরের আবাসিক এলাকাগুলোতে জটিলতা বাড়ছে।

অর্থ লোপাটের অভিযোগ
সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে ৬ কোটি ২৮ লাখ টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে ৩ কোটি ৮৫ লাখ টাকার উন্নয়ন কাজের বেশিরভাগ ব্যয় হয়েছে সড়ক ও ড্রেন নির্মাণে। এছাড়া, ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ফেরীঘাট চৌরাস্তা থেকে বড় মসজিদ পর্যন্ত ওয়াকওয়ে নির্মাণ কাজ চলছে। স্থানীয় বিএনপি নেতার অভিযোগ, এই কাজে ৫০ লাখ টাকার বেশি খরচ হবে না, বাকি অর্থ লুটপাটের আশঙ্কা রয়েছে।

হাট, বাজার ও বাসস্ট্যান্ডের ইজারা আদায়ে অস্বচ্ছতা এবং দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও উঠেছে। দরপত্র প্রকাশের আগেই কাজ সম্পন্ন করা, বিল ছাড়ের আগেই অর্থ আত্মসাৎ এবং প্রভাবশালী নেতাদের দাপটে প্রকৌশলীদের হুমকি দেওয়ার ঘটনাও প্রকাশ পেয়েছে।

নাগরিকদের ক্ষোভ
রহমতপুর ৩ নম্বর ওয়ার্ডের নাগরিক অ্যাডভোকেট বিএইচ তালুকদার সুমন বলেন, “আমার বাসার সামনের সড়কে মাসের পর মাস পানি জমে থাকছে। স্বাভাবিক চলাফেরা ব্যাহত হলেও কেউ পদক্ষেপ নিচ্ছে না।”

পৌর কর্তৃপক্ষের বক্তব্য
কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, “কলাপাড়া পৌরসভার উন্নয়নে কোনো মাস্টার প্ল্যান করা হয়নি। শহরের বেশ কিছু সড়ক সংস্কারে আমাদের পরিকল্পনা রয়েছে। এডিবি’র বরাদ্দ পেলে সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে।” তিনি আরও বলেন, “সকল দরপত্র প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়। বাইরে কী হচ্ছে, সেটি আমাদের দেখার বিষয় নয়। ক্ষমতাসীনদের দাপট সবসময়ই থাকে।”

চ্যালেঞ্জ ও সমাধানের পথ
জলাবদ্ধতা, মশার উপদ্রব, পানি সরবরাহ সংকট, ময়লা ব্যবস্থাপনার অব্যবস্থাপনা এবং গবাদিপশুর উপদ্রব নাগরিকদের নিত্য সঙ্গী। টেকসই উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান প্রণয়ন, স্বচ্ছ দরপত্র প্রক্রিয়া এবং কঠোর নজরদারির মাধ্যমে এই সমস্যার সমাধান জরুরি।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।