খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

কলাপাড়ায় হাঁটু সমান কাদা মাড়িয়েই স্কুলে যায় শিক্ষার্থীরা!

কলাপাড়া প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
কলাপাড়ায় হাঁটু সমান কাদা মাড়িয়েই স্কুলে যায় শিক্ষার্থীরা!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামের মাত্র ২ কিলোমিটার রাস্তা। এর পুরো অংশ জুড়ে হাঁটু সমান কাদা। আর সেই কাদা মাড়িয়েই প্রতিদিন স্কুলে যেতে হয় ছোট ছোট শিশু শিক্ষার্থীদের।

অনেক সময় হোঁচট খেয়ে মাঝপথেই থেমে যায় তারা। এ কারণে বর্ষা মৌসুমে অনেকেই স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। শুধু শিক্ষার্থীরা নয়; রাস্তার কারণে পাশ্ববর্তী তিন গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। স্বাধীনতা পরবর্তী কয়েক যুগ পেরিয়ে গেলেও রাস্তাটিতে এক টুকরো ইট পাথরের ছোঁয়া লাগেনি —এমনটাই অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়রা জানান, এলেমপুর ও কুমির মারা গ্রাম হচ্ছে কলাপাড়ার সবজীর প্রাণকেন্দ্র। কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত একটা ইটের কনাও এ রাস্তাটিতে পড়েনি। তারা বহু সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কোন সুরাহা পাইনি।

৬৫ বছরের বৃদ্ধ ওই গ্রামে বাসিন্দা রশীদ মোল্লা বলেন, আমার দেখা চোখে কত মেম্বার চেয়ারম্যান গেল, কিন্তু কেউ রাস্তায় একটা ইটের কণাও দিল না।

নিজের বাচ্চার হাত ধরে স্কুল থেকে ফিরছিলেন এলেমপুরের আরেক বাসিন্দা আব্দুল বারেক। তিনি আক্ষেপ করে বলেন, ‘প্রতিদিন বাচ্চা দুইডারে ফরিদগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিয়া আই। আবার ছুটির পর নিয়া আই। আমাগো এই গ্রামের মানুষের দুর্ভোগের শেষ নাই।’ তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি জানান।

ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম মিয়া বলেন, বর্ষা আসলেই তার স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমে যায়। আর যাবেই না কেন! ওই রাস্তা দিয়ে কেউ একবার গেলে আর যেতে চায় না। কারণ হাঁটু পর্যন্ত কাদা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক বলেন, আমি এলজিইডির প্রকৌশলীকে বিষটি অবহিত করব। সে অনুযায়ী তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।