খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

কলাপাড়ায় চলছে জমজমাট সুদ ব্যবসা

কলাপাড়া প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
কলাপাড়ায় চলছে জমজমাট সুদ ব্যবসা

পটুয়াখালীর কলাপাড়ায় বেপরোয়া হয়ে উঠেছে সুদ ব্যবসায়ীরা। মানুষের বিশেষ প্রয়োজন, অভাব-অনটন কে কাজে লাগিয়ে একটি অসাধু প্রভাবশালী গোষ্ঠী চড়া সুদে ঋণ দিচ্ছে। কোন বৈধতা না থাকলেও নির্বিঘ্নে তারা আর্থিক সহায়তা দেয়ার নামে সাধারণ মানুষকে জিম্মি করে করে ব-আইনী সুদ ব্যবসা পরিচালনা করে আসছে। এনিয়ে স্থানীয় প্রশাসন কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেন কিছু করার নেই, এমনই দম্ভ তাদের।

সূত্র জানায়, ভাদ্র-আশ্বিন পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় এলাকার কৃষি নির্ভর মানুষের অভাবের মাস। এ সময় ওই এলাকার কৃষকদের আমন চাষাবাদে বিনিয়োগের সাথে পরিবারের ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হয়। ফলে কৃষক এলাকার সুদ ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে টাকা এনে চাষাবাদ কিংবা পরিবারের ব্যয় নির্বাহ করেন।

এসব সুদ ব্যবসায়ীরা বিভিন্ন ক্যাটাগরিতে তাদের রমরমা সুদের ব্যবসা চালিয়ে আসছেন বছরের পর বছর। এদের কেউ করছেন, দোকান পেতে, কেউ করছেন বাসায়, আবার কেউ করছেন ভ্রাম্যমান।

এসব সুদ ব্যবসায়ীরা মানুষের অভাবকে পুজিঁ করে তাদের এ সুদ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে কেউ কেউ টাকার বিপরীতে জমা রাখছেন স্বর্নালংকার, আবার অনেকে বিশ্বাসের উপর চালিয়ে যাচ্ছেন এ ব্যবসা। এসব সুদ ব্যবসায়ীদের মধ্যে রাজনীতিবিদ, এলাকার অনেক প্রভাবশালীরাও জড়িত রয়েছে। এমনকি বিভিন্ন বাসা-বাড়ীতে মহিলারও এ সুদ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এ সুদ ব্যবসায়ীরা শতকরা তিন টাকা থেকে শুরু করে ৭/৮ টাকা করেও সুদ নিচ্ছে। কলাপাড়া পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নে অন্তত: ১৫০ থেকে ২০০ মানুষ এ ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। এদের কতিপয়ের লাইসেন্স থাকলেও অধিকাংশরাই করেন গোপনে। এতে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি একজনের দেখাদেখি অন্যরাও ঝু্ঁকে পড়েছে এ ব্যবসায়।

এদিকে, সুদ এ ব্যবসার বিরুপ প্রতিক্রিয়া জানিয়ে মো.খলিলুর রহমান নামে এক কৃষক বলেন, ইসলামে সুূদের এ ব্যবসা হারাম। তবে তিনি কটুক্তি করে বলেন, গ্রাম-গঞ্জে এখনও এমন কথা প্রচলিত রয়েছে, পাঁচজন সুদ ব্যবসায়ীর নাম কাগজে লিখে গরু কিংবা ছাগলের গলায় ঝুলিয়ে দিলে পোকা দমন হয়।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।