খুঁজুন
বুধবার, ১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ়, ১৪৩৩

কলাপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের টিন ও নগদ টাকা প্রদান

কলাপাড়া প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
কলাপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের টিন ও নগদ টাকা প্রদান

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ীকে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে চাল, ডাল, তেলসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের রোববার বিকেলে এ সব সরকারি সহায়তা প্রদান করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. কাউছার হামিদ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, সিপিপির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, সমবায় কর্মকর্তা আব্বাসউদ্দিন, লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার দিবাগত ভোর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে মম্বিপাড়ার নতুনপাড়া বাজারের দোকানি হাবিবুর রহমান, আল-আমিন, বাচ্চু মিয়া, মো. মিজান ও আব্দুর রাজ্জাকের দোকানপাট মালামালসহ অগ্নিকাণ্ডে পুড়ে ব্যাপক ক্ষতি হয়।

 

 

লেবানন ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে: হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
লেবানন ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে: হিজবুল্লাহ

ইসরাইলি হামলায় বিধ্বস্ত লেবানন

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে রোববার (২৮ জুন) লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।  এ ঘটনায় নিজেদের দেশ ও জনগণকে রক্ষার অধিকার হিজবুল্লাহর আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরান-সমর্থিত সংগঠনটি।

 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হিজবুল্লাহর দাবি, ইসরাইল যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ শহর এবং পাশের মায়ফাদুন শহরের আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়েছে। এ ছাড়া ইসরাইলি  ড্রোন ফ্রাউন শহর ও বিনত জবেইল জেলার খোলা এলাকায় হামলা চালায়। একই সঙ্গে তাইবেহ ও হাদ্দাথা এলাকার আবাসিক ভবন লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমরা যুদ্ধবিরতি চুক্তির এসব লঙ্ঘনের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। মাতৃভূমি ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে।’

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে বলা হয়েছে, যুদ্ধের অবসান সব ফ্রন্টেই কার্যকর হবে, যার মধ্যে লেবাননও রয়েছে।

তবে এর পরও মার্চের শুরু থেকে লেবাননে ইসরাইল তাদের হামলা আরও জোরদার করেছে।

বানারীপাড়ায় ভাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় ভাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

বরিশালের বানারীপাড়ায় বালু বোঝাই ভাল্কহেডের ধাক্কায় কচা নদীর ব্রিজ ভেঙে পড়েছে। ফলে ২৪ ঘণ্টা ধরে পিরোজপুরের সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

শনিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সৈয়দ বজলুল হক কলেজের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান বিপ্লব যুগান্তরকে বলেন, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বানারীপাড়া সন্ধ্যা নদী থেকে বালু নিয়ে আসা একটি ভাল্কহেড তার বাড়িসংলগ্ন কচা নদীর ব্রিজে সজোরে ধাক্কা দেয়। ফলে ওই ব্রিজের একপ্রান্তের তৃতীয় পিলার বাকা হয়ে একটি স্প্যান বালুবাহী ভাল্কহেডের ওপর পড়ে যায়। এ সময় বালুবোঝাই ভাল্কহেডে থাকা সাড়েং ও সুকানিসহ পাঁচ শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যায়।

এদিকে ভাল্কহেডের ধাক্কায় কচা নদীর ওপর দুই জেলার সংযোগ সড়কের ওই ব্রিজটি ভেঙে পড়ার কারণে পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার মিয়ারহাট হয়ে পিরোজপুর জেলার সড়ক যোগাযোগ গত ২৪ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে। এ কারণে ওই সড়কের যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

বরিশালে সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
বরিশালে সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত ছাত্রদল নেতা মো. বেল্লাল হোসেন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেনের (৪০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকালে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানা গেছে।

পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার সময় কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় একটি মোবাইলের দোকানে বসা ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিম ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রদল নেতাকর্মী তাকে ডেকে দোকান থেকে বের করে। এরপর রাস্তায় ফেলে ওইসব নেতাকর্মীরা তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তিনি দৌড়ে দোকানের ভেতর আশ্রয় নিলে তাকে দ্বিতীয় দফা দোকান থেকে টেনে বের করে মারধর করা হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন এখন গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।