খুঁজুন
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন, ১৪৩৩

এক দপ্তরে ৪ ট্যাগ কর্মকর্তা নিয়োগ নিয়ে অসন্তোষ

দশমিনা প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
এক দপ্তরে ৪ ট্যাগ কর্মকর্তা নিয়োগ নিয়ে অসন্তোষ

পটুয়াখালীর দশমিনায় সরকারের বিভিন্ন ত্রাণ কার্যক্রম তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগে বৈষম্যের অভিযোগ উঠেছে। বিভিন্ন সরকারি দপ্তরে যোগ্যতাসম্পন্ন কর্মকর্তা থাকতেও স্বনজপ্রীতির মাধ্যমে একই দপ্তর থেকেই চারজনকে নিয়োগ করা হয়েছে ট্যাগ অফিসার হিসেবে। এতে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে সরকারি দপ্তরের কর্মকর্তাদের মাঝে।

রাজস্ব খাতের কর্মকর্তা থাকতেও প্রকল্প নিয়োগ পাওয়া ব্যক্তিদেরও ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সৎভাবে কাজ করায় এক কর্মকর্তাকে ট্যাগ অফিসারের পদ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগও রয়েছে।

সূত্র জানায়, জিআর, ভিজিএফ, ভিজিডি, খাদ্যবান্ধব কর্মসূচি, মৎস্য ভিজিএফসহ বিভিন্ন ত্রাণ কার্যক্রম তদারকির জন্য গত ১ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) থেকে উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে বহরমপুর ইউনিয়নে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কেএম জাহিদ হাসান, রনগোপালদী ইউনিয়নে সহকারি শিক্ষা কর্মকর্তা খালিদ হোসেন (সম্প্রতি বদলি হয়েছেন) ও আলীপুরা ইউনিয়নে মেরিন ফিসারিজ কর্মকর্তা (প্রকল্পে নিয়োগ) নাজমুল হাসানকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এছাড়া ৭টি ইউনিয়নের মধ্যে উপজেলা কৃষি অফিস থেকে বেতাগী-সানকিপুর ইউনিয়নের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, দশমিনা সদর ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা আল-মামুন, বাঁশবাড়িয়া ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা সবুজ সিকদার ও চরবোরহানে উপসহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহম্মেদকে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে দশমিনা সদর ইউনিয়নে ট্যাগ অফিসারের দায়িত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা আল-মামুন একই ইউনিয়নের জন্ম-মৃত্যুর নিবন্ধকও।

সরকারের এমন গুরুত্বপূর্ণ পদের নিয়োগে বৈষম্য এবং স্বনজপ্রীতি হওয়ায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সরকারি দপ্তরের কর্মকর্তাদের মাঝে। নাম প্রকাশ না করার শর্তে একটি সরকারি দপ্তরের প্রধান বলেন, চক্রান্ত করে আমাকে ট্যাগ অফিসারের পদে রাখা হয়নি।

এর আগে ট্যাগ অফিসার থাকতে আমি সৎভাবে কাজ করেছি। তাই আমাকে বাদ দেওয়া হয়েছে। এ কর্মকর্তা অভিযোগ করেন, ট্যাগ অফিসার নিয়োগে বৈষম্য করা হয়েছে। শুধু একটি দপ্তর থেকেই চারজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। বিষয়টি রহস্যজনক বলে তিনি দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান বলেন, ট্যাগ অফিসারদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাদের সরিয়ে দেওয়া হবে। অভিযোগ ছাড়া কাউকে সরাতে পারছি না। এগুলো আগে থেকেই দেওয়া ছিল (ট্যাগ অফিসার)। কাজ করছে কিনা সেটাই আসল বিষয়। এমন কোনো লোক নিয়োগ দেওয়া যাবে না, যিনি সততা বজায় রাখতে পারবেন না।

 

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পালটা আক্রমন তেহরানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পালটা আক্রমন তেহরানের

ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এ হামলার জবাবে ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাঘাঁটি আল-আজরাক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে অঞ্চলটিতে অন্তত দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবিও করেছে তেহরান।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের আইআরজিসি গত দুই দিনে একটি মার্কিন যুদ্ধজাহাজকে দু’বার লক্ষ্য করার চেষ্টা করেছিল। তবে জাহাজটি সফলভাবে হামলা এড়িয়ে যায়।

সেন্টকমের দাবি, এরপর মার্কিন বাহিনী ওমান উপসাগরে থাকা ইরানের চারটি তেলবাহী জাহাজ—‘কাভিজ’, ‘চারমিনার’, ‘হরাইজন-১’ ও রিয়েস্কো—এবং খারগ দ্বীপের কাছে থাকা ‘দেরিয়া’ নামের আরেকটি জাহাজে হামলা চালায়।

 

হামলার আগে জাহাজগুলোর নাবিকদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। পরে মার্কিন বাহিনী এমন একটি ভিডিও প্রকাশ করে, যেখানে ‘রিয়েস্কো’ নামের একটি জাহাজকে ওমান উপসাগরে ডুবে যেতে দেখা যায় বলে দাবি করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি খারগ দ্বীপের কাছে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যুদ্ধের আগে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমে হতো বলে জানানো হয়েছে।

আইআরআইবি জানায়, ওই হামলায় জাহাজের নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে ওমান উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জাস্ক বন্দরের কাছেও আরেকটি ইরানি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

পরে আইআরজিসি জানায়, মোট পাঁচটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করা হয়েছে।

 

এর জবাবে জর্ডানের আল-আজরাক মার্কিন ঘাঁটিতে ‘তীব্র ক্ষেপণাস্ত্র হামলা’ চালানোর দাবি করেছে আইআরজিসি। হামলায় মার্কিন যুদ্ধবিমান রাখার কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তারা।

এ ছাড়া মার্কিন নৌবাহিনীর ‘ডিডিজ-১১৯’ ও ‘ডিডিজি-৫৩’ নামের দুটি ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেগুলোতে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ করার দাবিও করেছে ইরান।

তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সাগরে লঘুচাপের শঙ্কা, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
সাগরে লঘুচাপের শঙ্কা, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূবাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

প্রথম দিনের পূর্বাভাস (৯ সেপ্টেম্বর): ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় দিনের পূর্বাভাস (১০ সেপ্টেম্বর): রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তৃতীয় ও চতুর্থ দিনের পূর্বাভাস (১১-১২ সেপ্টেম্বর): ১১ সেপ্টেম্বর সিলেট ও ময়মনসিংহে বৃষ্টিপাত বেশি থাকতে পারে। ১২ সেপ্টেম্বর থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসে দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় স্থায়ী হতে পারে। এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে।

পঞ্চম দিনের পূর্বাভাস (১৩ সেপ্টেম্বর): দেশের আটটি বিভাগেরই দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ময়লার স্তূপে পাশাপাশি পড়েছিল দুই নবজাতকের লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
ময়লার স্তূপে পাশাপাশি পড়েছিল দুই নবজাতকের লাশ

বরিশাল নগরের ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তাদের একজন ছেলে ও অন্যজন মেয়ে। 

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে নতুন বাজার ফরেস্ট অফিস সংলগ্ন ময়লার স্তূপ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বলেন, প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলাম। হঠাৎ দুটি প্লাস্টিকের বাটি চোখে পড়ে। কাছে গিয়ে দেখি, ভেতরে দুটি নবজাতক শিশু রয়েছে। তখন স্থানীয় লোকজনকে বিষয়টি জানাই। পরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, কোনো একটি প্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির লাশ ওই স্থানে এসে থাকতে পারে।

কোতোয়ালী থানার ওসি আল মামুন ইসলাম বলেন, খবর পাওয়ার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল। থানা থেকে বিষয়টি জানানোর পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি দেখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে খবর দেওয়া হয়। পরে নবজাতক দুটির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়।

নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের লাশ ময়লার স্তূপে এলো- তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।