খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে। এদিকে, ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশের ঘোষণার সঙ্গে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজ পেয়েছেন, তাদের নিশ্চায়ন ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে।

ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, রেজিস্ট্রেশন ফি বা নিশ্চায়ন ফি দেওয়ার জন্য বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদের মধ্যে যে কোনো একটি থেকে ৩৩৫ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পদ্ধতির বিস্তারিত ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাত ৮টা পর্যন্ত আবেদন নেওয়া হয়। এ সময়ে আবেদন করেন ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী।

ভর্তি কমিটির সদস্যরা জানান, দেশের সব কলেজ ও মাদরাসায় কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। প্রথম ধাপে গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। এইচএসসি ও আলিমের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এ আবেদন নেওয়া হচ্ছে। কারগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া ভিন্নভাবে নেওয়া হয়।

গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাস করেন। পরে ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী পাস করেন। সবমিলিয়ে পাস করা পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন।

এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৪১১ জন। কারিগরি থেকে এসএসসি পাস করা শিক্ষার্থী ছাড়াই এবার স্কুল-মাদরাসা থেকে এসএসসি ও দাখিল পাস করেছেন ১২ লাখ ৩ হাজার ৮০৭ জন। সে হিসাবে এসএসসি ও দাখিল পাস করেও একাদশে ভর্তিতে প্রথম ধাপে আবেদন করেননি ১ লাখ ৩০ হাজার ৪৭১ জন।

একাদশে ভর্তি সংশ্লিষ্টরা জানান, পছন্দক্রম ও ফলাফলের সামঞ্জস্য না থাকায় অনেকে কাঙ্ক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত হয় না। পাশাপাশি প্রথম ধাপে কিছু শিক্ষার্থী আবেদনও করেন না। তাই দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভর্তি আবেদনের সুযোগ রাখা হয়েছে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।