খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

‘আমি মরার কারণ হলো পান্না’: স্কুলছাত্রীর চিরকুট

পিরোজপুর প্রতিনিধি :
প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
‘আমি মরার কারণ হলো পান্না’: স্কুলছাত্রীর চিরকুট

পিরোজপুরের নাজিরপুরে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ওই ছাত্রীর ঘর থেকে দেড় পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্রীর নাম নাসরিন আক্তার (১৬)। সে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

নাসরিনের ভাগনে বলেন, ‘মারা যাওয়ার কারণ সে খাতায় লিখে গেছে। আমরা পড়েছি, একটা ছেলের সঙ্গে তার দীর্ঘদিন রিলেশন ছিল। সেই ছেলে বিয়ের প্রত্যাশা দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এখন সে বিয়ে করতে রাজি হচ্ছে না। এ জন্য সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। যে ছেলেটির সঙ্গে সম্পর্ক ছিল, সে ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার নাম পান্না শিকদার এবং তার বাবার নাম লতিফ শিকদার। আমি বেলা ১টার দিকে খবর পেয়ে দোকান থেকে এসে দেখি, মারা গেছে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আমরা এর বিচার চাই।’

নাসরিনের ভাবি বলেন, ‘ছেলেটি ওকে বিরক্ত করার কারণে অনেক দিন স্কুলে যেতে পারেনি। অনেক খারাপ খারাপ কথা বলেছে। ওকে বিয়ে করবে না বলায় ও আত্মহত্যা করেছে। আমরা এর বিচার দাবি করছি।’

চিরকুটে লেখা ছিল, ‘আমি মরার কারণ হলো লতিফ শিকদারের একমাত্র ছেলে পান্না শিকদার। সে আমাকে বিয়ের কথা বলে আমার দেহ ভোগ করেছে। আমার শেষ ইচ্ছা, ওর এমন সাজা হোক, যাতে আমার মতো আর কারও জীবন না নষ্ট করতে পারে। বাবা এবং ভাই ও বোন, পারলাম না তোমাদের কথা রাখতে। আমাকে মাফ করে দিও। আমি বিয়ে করলেও কোনো দিন সুখী হতাম না। আমি তো এমনিতে জাহান্নামি।

আর মা, আমি নাই তো কি হইছে। আরও তো ভাই-বোন আছে। আমাকে বিয়া দিবা না, মনে করবা আমি শ্বশুরবাড়ি। কান্না করবা না একটুও। আমার বুকে না অনেক কষ্ট। তাই আর সহ্য করতে পারলাম না। পান্নার জন্য কি না করছি, কিন্তু ও মিথ্যা অপবাদ দিল। আমি না সারা বেড়ার সঙ্গে কথা কই। তাই হলে ওর কাছে বারবার যেতাম না। বিদায় সবাই, ভালো থাকো। ওর জন্য আমার অনেক কথা শুনতে হইছে। আমি ওর উচিত শিক্ষা চাই। good bye’

এ বিষয়ে পান্না শিকদার (২৪) ও তাঁর পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাঁদের বক্তব্য জানা যায়নি। এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।