খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

আবাসিক হোটেল থেকে ৪টি স্মার্ট টিভি নিয়ে উধাও পর্যটক

কলাপাড়া প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
আবাসিক হোটেল থেকে ৪টি স্মার্ট টিভি নিয়ে উধাও পর্যটক

পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে ৪টি স্মার্ট টেলিভিশন চুরি করে নিয়ে পালিয়েছে এক পর্যটক। তিনি ও তার ব্যবসায়ী বন্ধুরা থাকবে বলে হোটেলের চারটি কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্ট্রি খাতা ও আইডি কার্ডের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির নাম শাওন রানা এবং তার বাবা আনোয়ার হোসেন এবং খুলনা সিটি কর্পোরেশনের বাসিন্দা। তবে তথ্য যাচাই করে জানা যায় এটি ভুয়া আইডি কার্ড। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটার আবাসিক হোটেল ‘সি লোটাস’ থেকে অভিনব কায়দায় এ চুরির ঘটনা ঘটে। হোটেল কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত ব্যক্তি গতকাল সকালে হোটেলে ওঠেন। তিনি একাধিক কক্ষ ভাড়া নেন এবং নিজেকে ব্যবসায়ী পরিচয়ে জাতীয় পরিচয়পত্র জমা দেন। হোটেল কর্মীদের সঙ্গে আচরণ ভালো করলেও, গতকাল সন্ধ্যা থেকে তাকে আর হোটেলে দেখা যায়নি। এরপর সন্দেহ হলে রুম চেক করে দেখা যায় চারটি রুমেরই টেলিভিশন নেই।

হোটেল ম্যানেজার দীপঙ্কর রায় বলেন, পর্যটক পরিচয়ে শাওন রানা হোটেলের ২০১, ২০২, ২০৭ ও ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। তিনি বলেন, তার সঙ্গে আরও সাতজন আসবেন এবং তারা অল্প কিছুক্ষণের মধ্যেই রুমে উঠবেন। এরপর সন্ধ্যার আগ মুহূর্তে প্রতিদিনের ন্যায় আমি বিশ্রামে গেলে এই ফাঁকে টেলিভিশনগুলো নিয়ে তিনি চলে যায়। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি রুমে না আসায় ডায়রিতে দেওয়া নম্বরে যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক রুমে গিয়ে দেখি চারটি রুমের টেলিভিশন নেই। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, কৌশলে প্রতিটি কক্ষের টিভি খুলে একটি কার্টনে ভরে সুযোগ বুঝে নিয়ে পালিয়ে গেছেন।

কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পর্যটকের ছদ্মবেশে কিছু অসাধু চক্র সুযোগ বুঝে অপকর্ম চালিয়ে থাকে। তাই হোটেল কর্তৃপক্ষ ও ম্যানেজারদের আরও সচেতন এবং সতর্ক থাকতে হবে। আমরা দাবি জানাচ্ছি এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, কুয়াকাটার আবাসিক হোটেল সি লোটাস থেকে স্মার্ট টেলিভিশন চুরির অভিযোগ পেয়েছি এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত ওই ব্যক্তি কক্ষ ভাড়া নেওয়ার সময় যে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেছে সেটা ভুয়া। তবে আমরা সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্তের সর্বোচ্চ চেষ্টা করছি।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।