খুঁজুন
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন, ১৪৩২

আগৈলঝাড়ায় ঝুঁকির সাঁকোই ভরসা ১০ গ্রামের লাখো মানুষের!

আগৈলঝাড়া প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় ঝুঁকির সাঁকোই ভরসা ১০ গ্রামের লাখো মানুষের!

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া-কাঠিরা খালের ওপর নির্মিত একটি জরাজীর্ণ কাঠের সাঁকো দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন ১০টি গ্রামের শত শত মানুষ। বিকল্প কোনো সেতু না থাকায় এই ভাঙাচোরা সাঁকোই হয়ে উঠেছে প্রায় এক লাখ মানুষের একমাত্র ভরসা।

সাঁকোর বর্তমান অবস্থা
সরেজমিনে দেখা গেছে, সাঁকোর কাঠের তক্তাগুলো ঢিলে হয়ে গেছে, কিছু জায়গায় তক্তা খুলে পড়েছে। নিরাপত্তার জন্য সাঁকোর দুই পাশে ব্যারিকেড দিয়ে ভ্যান ও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলেও বিকল্প পথের অভাবে অনেকেই ঝুঁকি নিয়ে পারাপার করছেন। রাতে টর্চলাইটের আলোয় পা টিপে টিপে চলতে হয়, যা চলাচলকে আরও বিপজ্জনক করে তুলেছে।

সাঁকোর গুরুত্ব
রাহুতপাড়া-কাঠিরা খালের ওপর নির্মিত এই সাঁকো ৫-৭টি গ্রামের মানুষের প্রধান যোগাযোগের মাধ্যম। আশপাশে রয়েছে ডা. প্রশান্ত রায়ের বাড়ি, যেখানে বহু রোগী চিকিৎসার জন্য আসেন, একটি মিশন স্কুল, হরি ঠাকুরের মন্দির এবং দুজন মুক্তিযোদ্ধার বাড়ি। পূর্ব ও পশ্চিম দিকে ৫ কিলোমিটারের মধ্যে আর কোনো ব্রিজ নেই, ফলে এই সাঁকোটিই এলাকাবাসীর জন্য একমাত্র যোগাযোগের পথ।

সাঁকোর ইতিহাস ও রক্ষণাবেক্ষণ
২০০২ সালে নির্মিত এই সাঁকোর পর থেকে কোনো স্থায়ী সেতু নির্মাণ বা বড় ধরনের সংস্কার হয়নি। প্রতিবছর স্থানীয় যুব সমাজ নিজ উদ্যোগে সাময়িক মেরামত করে চলাচল উপযোগী রাখার চেষ্টা করে। এবার দুর্গাপূজার সময় আবারও তারা পাটাতন বসিয়ে সাঁকোটি মেরামতের চেষ্টা করেছেন।

স্থানীয়দের ভোগান্তি
স্থানীয় বাসিন্দা ডা. প্রশান্ত রায় বলেন, “আমাদের এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত। একটি পাকা ব্রিজ হলে নির্বিঘ্নে চলাচল করা যেত। বর্তমানে গাড়ি তো দূরের কথা, মহিলারাও ঠিকমতো চলাচল করতে পারেন না।”

আরেক বাসিন্দা নয়ন হালদার বলেন, “রাতে টর্চলাইট নিয়ে চলতে হয়। কৃষিপণ্য বাজারজাত করা থেকে শুরু করে শিক্ষার্থীদের যাতায়াত, সব ক্ষেত্রেই ভোগান্তি। এই সাঁকোর কারণে আমাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।”

প্রশাসনের বক্তব্য
আগৈলঝাড়া উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, “আমি ঘটনাস্থলে যাইনি। তবে এলাকাবাসী লিখিতভাবে আবেদন করলে বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর প্রত্যাশা
সচেতন মহলের প্রত্যাশা, এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ করা হবে। একটি স্থায়ী সেতু না হলে এই অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে ব্যাহত হতে থাকবে।

 

বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের এক আদালত।

বুধবার বিকেলে এ রায়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামিকে একই সাথে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।

দণ্ডপ্রাপ্ত আনিচ সরদার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কাণ্ডপাশা গ্রামের কাশেম সরদারের ছেলে।

মামলার বিবরণ দিতে গিয়ে ওই আদালতের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ জানান, ২০০৭ সালের ১০ মে কাণ্ডপাশা গ্রামের এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক আনিচ সরদার।

“এ ঘটনায় ১৩ মে গৌরনদী থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার তরুনীর মা। ওই বছরের ২৭ অগাস্ট আনিচের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুবে আলম।”

এ মামলার ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয় বলে জানান তিনি।

রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বরিশালে আগুনে পুড়ল ৩ বসতঘর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
বরিশালে আগুনে পুড়ল ৩ বসতঘর

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব লক্ষীপাশা গ্রামে হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফ জানান, ঘটনাস্থলে যাওয়ার পর সড়ক সরু হওয়ায় অগ্নিনির্বাপক গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করানো সম্ভব হয়নি। পুকুরের পানি ব্যবহার করে আগুন নেভানোর কারণে কিছুটা দেরি হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, প্রথমে ওই বাড়ির মজিবুর হাওলাদারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের শাহআলম হাওলাদার ও হাসান হাওলাদারের ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সব মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ায় তারা পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেননি।ঘটনার পর বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করেন এবং সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না-রাজিব আহসান

হিজলা প্রতিনিধি 
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না-রাজিব আহসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী রাজিব আহসান এর সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান  তার বক্তব্যে বলেন, আমি এমপি হলে অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না।

নানা প্রতিশ্রুতির মধ্যে রয়েছে একটি পৌরসভা, উপজেলা অডিটরিয়াম, উপজেলা কমপ্লেক্স ভবন, নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণসহ নানা প্রতিশ্রুতি। এছাড়াও সাধারন নাগরিকের সুবিধার নিশ্চিত এর লক্ষ্যে পুলিশ প্রশাসনের হয়রানি থেকে মুক্ত করা হবে।

 

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন সুমন, সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন  সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাপ হোসেন খোকন। বিকাল তিনটা থেকেই উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আলাদা আলাদা মিছিল এসে জনসভায় অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।