খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

অবৈধ দোকানপাট উচ্ছেদ: সৌন্দর্য ফিরেছে বরিশাল নগরীর

ফাহিম ফিরোজ :
প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
অবৈধ দোকানপাট উচ্ছেদ: সৌন্দর্য ফিরেছে বরিশাল নগরীর

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী স্থানগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদের ফলে শহরের সৌন্দর্য ফিরেছে। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) সম্প্রতি শহরের গুরুত্বপূর্ণ পর্যটন ও বিশ্রামের স্থানগুলো—বিবির পুকুর পাড়, বেলস পার্ক, চৌমাথা লেকের পাড়সহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দিয়েছে।

বিসিসি কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এসব দোকানপাট স্থানগুলোতে যান চলাচল ও সাধারণ মানুষের চলাফেরায় বাধা সৃষ্টি করছিল। উচ্ছেদের ফলে নগরবাসী আবার স্বচ্ছন্দে এ স্থানগুলোতে বেড়াতে ও বিশ্রাম নিতে পারছেন।

স্থানীয় দর্শনার্থীরা উচ্ছেদের ফলে আনন্দ প্রকাশ করেছেন। জুয়েল নামের এক দর্শনার্থী বলেন, “এখন পুকুরপাড়ে পরিবারসহ এসে সময় কাটানো অনেক সহজ হয়েছে। আগে দোকানপাটের কারণে চলাফেরা কঠিন ছিল।”

রফিক জানান, “চৌমাথা লেকের পাড় সবসময়ই আমাদের প্রিয় জায়গা। এখন সব কিছু পরিষ্কার হওয়ায় এখানে আসা আনন্দদায়ক।”

জাহিদ বলেন, “বেলস পার্কের সৌন্দর্য ফিরে এসেছে। শিশুরা খেলাধুলা করতে পারছে এবং বড়রাও শীতল ছায়ায় বিশ্রাম নিতে পারছে। এটা সত্যিই খুবই ভালো লাগছে।”

তবে উচ্ছেদের ফলে অনেক পরিবার কর্মসংস্থান হারিয়েছে। স্থানীয়রা জানান, শত শত পরিবার তাদের জীবননির্বাহের জন্য দোকানপাটের ওপর নির্ভর করতেন। উচ্ছেদের পর তারা বেকার হয়ে পড়েছেন এবং নতুন কর্মসংস্থানের জন্য সহায়তা প্রয়োজন।

বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, শহরের সব জলাশয় ও পার্কের চারপাশ অবৈধ স্থাপনামুক্ত রাখতে নিয়মিত নজরদারি চলবে। তবে স্থানীয় প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হবে উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।