পটুয়াখালীর কলাপাড়ায় বুধবারও থেমে থেমে মুষলধারায় বৃষ্টি ও ঝড়ো বাতাস চলমান রয়েছে। এ কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বুধবারও উত্তাল রয়েছে কুয়াকাটা বঙ্গোপসাগর। পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। তবে সাগরে মাছ শিকার বন্ধ থাকায় দুর্ঘটনার শঙ্কা নেই।
খেপুপাড়া আবহাওয়া অফিসের রাডার ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. মামুন জানান, কলাপাড়ায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঝড়ো বাতাসও রয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা থেকে বুধবার বিকাল ৩টা পর্যন্ত কলাপাড়ায় ১০৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার কলাপাড়ার নীলগঞ্জের সলিমপুর, নবাবপুর, চাকামইয়া, ডালবুগঞ্জ, বালিয়াতলী এলাকায় কালবৈশাখী ঝড়ে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বজ্রপাতে মারা গেছে আটটি গরু। এছাড়া শত শত গাছপালা উপড়ে পড়েছে। এসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন করছে।
এদিকে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ভেঙে অসহায় হয়ে পড়া চারটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও এক প্যাকেট খাদ্য সহায়তা এবং চাকামইয়ায় ভেঙেপড়া মাদ্রাসা মেরামতের জন্য এক বান্ডিল ঢেউটিন ও দুই প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় এ খাদ্য সহায়তা ও ঢেউটিন প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ । ৯:৫৬ পূর্বাহ্ণ