ইরানের শূরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলায়েদ্দিন বোরুজেরদি বলেছেন, আমাদের অবস্থান এখনো শক্ত’ এবং ‘আমরা এখনো আমাদের নতুন তাস খেলিনি।
ইরানি টেলিভিশনে প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাব এল-মান্দেবের গুরুত্ব হরমুজ প্রণালির চেয়ে কোনো অংশে কম নয়, আর ইয়েমেনিরা এই প্রণালি অবরোধ করে আমেরিকাকে আরেকটি আঘাত দেওয়ার জন্য অপেক্ষা করছে।
এমন এক সময়ে এই বক্তব্য এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে বলে দাবি করছে।
আলায়েদ্দিন বোরুজেরদি আরও বলেন, আলোচনায় তার উপস্থিতি ছিল ‘সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী।’
এর আগে, গত সপ্তাহে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলি খাজারিয়ান বলেছিলেন, ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাড়ানোর ‘বিরোধী’।
এদিকে, বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত তাসনিম সংবাদ সংস্থা এর আগে এক ইরানি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, বাব এল-মান্দেব প্রণালিকে বিশ্বের অন্যতম কৌশলগত প্রণালি হিসেবে বিবেচনা করা হয় এবং এ বিষয়ে বিশ্বাসযোগ্য ও পূর্ণাঙ্গ হুমকি তৈরি করার ক্ষেত্রে ইরানের ইচ্ছা ও সক্ষমতা—দুটিই রয়েছে।
বাব এল-মান্দেব প্রণালিটি লোহিত সাগরের তীরে ইয়েমেন এবং আফ্রিকার তীরে জিবুতি ও ইরিত্রিয়ার মাঝখানে অবস্থিত।
ভারত মহাসাগর ও এডেন উপসাগর থেকে আসা সামুদ্রিক যানগুলোকে সুয়েজ খালে পৌঁছাতে এই প্রণালি দিয়েই যেতে হয়।
১১৫ কিলোমিটার দীর্ঘ ও ৩৬ কিলোমিটার প্রশস্ত এই প্রণালিটি বৈশ্বিক বাণিজ্যে এক অবিচ্ছেদ্য সংযোগস্থলে পরিণত হয়—যার মাধ্যমে ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত সমুদ্রপথ নিশ্চিত হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ । ৯:১০ পূর্বাহ্ণ