পিরোজপুরে আইসক্রিম কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ১১:১২ পূর্বাহ্ণ

পিরোজপুর সদর উপজেলার রানীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ও মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম তৈরি করার দায়ে রনি আইসক্রিম কারখানাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) সকালে পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল-আমীনের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।

এ সময় কারখানা মালিক পক্ষের মোহাম্মদ রাকিবকে (২২) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর দণ্ডবিধিতে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামি তৎক্ষণাৎ অর্থদণ্ড পরিশোধ করায় অনাদায়ের কারাদণ্ড মওকুফ করা হয়।

পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমীন জানান, মেসার্স রনি আইসক্রিম নামক একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ক্ষতিকারক রং, ফ্লেভার ও বিএসটিআই এর অনুমোদন ছাড়াই নামি-দামি মোড়ক ব্যবহার করে নকল আইসক্রিম তৈরি করে আসছিল। আমরা আজকে প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্ট পরিচালনা করি। এ সময় প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও অনুমোদনহীন রং ও ফ্লেভার, চকলেট পাউডার জব্দ করে ধ্বংস করা হয়।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন