সোহেল রানাঃ ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে এই ফিরতি যাত্রাকে কেন্দ্র করে বরিশাল-ঢাকাসহ দক্ষিণাঞ্চলের নৌ ও সড়কপথে সৃষ্টি হয়েছে তীব্র চাপ। লঞ্চ ও বাসে উপচেপড়া ভিড়ের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অতিরিক্ত পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হলেও তা পর্যাপ্ত না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
রোববার (তারিখ) সকাল থেকে বরিশাল নদীবন্দর ও বাস টার্মিনালগুলোতে দেখা যায় দীর্ঘ যাত্রী সারি। লঞ্চের টিকিট কাউন্টারগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৬টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও যাত্রীদের চাপ এতটাই বেশি ছিল যে কেবিনের টিকিট পাওয়া তো দূরের কথা, ডেকেও পা ফেলার জায়গা ছিল না। অনেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। অন্যদিকে সড়কপথেও একই চিত্র দেখা গেছে। বরিশালের নথুল্লাবাদসহ বিভিন্ন বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। ৬ শতাধিক বাস প্রতিদিন একাধিক ট্রিপ দিলেও যাত্রীদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক যাত্রী দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না।
ভোগান্তির শিকার যাত্রী কালাম খান বলেন, “সকালে লঞ্চের টিকিট কাটতে এসে ব্যর্থ হয়েছি। পরে নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে বাসের টিকিট কেটেছি। এখন বাসে ঢাকায় ফিরব। এতে সময় বেশি লাগবে এবং কষ্টও অনেক বেশি হবে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদ পরবর্তী সময়ে যাত্রীচাপ হঠাৎ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন জানান, স্বনামধন্য কিছু পরিবহনের টিকিট না পাওয়া গেলেও অন্যান্য বাসে এখনও কিছু টিকিট পাওয়া যাচ্ছে। কোনো যাত্রী একেবারেই টিকিট না পেলে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।
এদিকে নৌপথে যাত্রীদের চাপ সামাল দিতে অতিরিক্ত লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “যাত্রীদের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত লঞ্চ সংযুক্ত করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।
তবে বাস্তব চিত্র ভিন্ন বলেই মনে করছেন যাত্রীরা। তাদের অভিযোগ, পর্যাপ্ত ব্যবস্থাপনা না থাকায় প্রতিবারের মতো এবারও ঈদ পরবর্তী ফিরতি যাত্রা দুর্ভোগে পরিণত হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, যাত্রীচাপ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাই যাত্রীদের ভিড় এড়াতে বিকল্প সময় বা পরিবহন বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ । ১০:২৯ পূর্বাহ্ণ