বরিশাল নগরীতে কিশোর গ্যাংয়ের হা’ম’লা’য় যুবক গুরুতর আহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ১১:০৮ পূর্বাহ্ণ

বরিশাল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় জান আহমেদ (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার (১৫ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নগরীর কোতোয়ালী মডেল থানাধীন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৫ নম্বর ওয়ার্ডের পরেশ সাগর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিসিসি ২৯ নম্বর ওয়ার্ডের শাহ পরান সড়কের বাসিন্দা মো. সুমন আহমেদ কোতোয়ালী মডেল থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, পূর্ব থেকেই বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে ঘটনার দিন রাতে অভিযুক্ত সোহেল (২২), বাবুল (২৩), সজিব (২২), আরিফ (২২), ইয়াসিনসহ আরও কয়েকজন জান আহমেদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় অভিযুক্তরা লোহার পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে জান আহমেদকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার মুখমণ্ডল, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলার সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে আহত জান আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন