মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে রেকর্ড সংখ্যক নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ০১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ১১২ জন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
বর্তমানে আরও কয়েকজন গর্ভবতী মা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট ওয়ার্ডে দায়িত্বরত নার্সরা জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইমরানুর রহমানের আন্তরিক তত্ত্বাবধান, দক্ষ ব্যবস্থাপনা ও চিকিৎসক-নার্সদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
এছাড়া স্থানীয় জনগণের মধ্যে হাসপাতালমুখী মানসিকতা বৃদ্ধি ও নরমাল ডেলিভারির বিষয়ে সচেতনতা বাড়াও এই সাফল্যের অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্যমতে, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে এক মাসে এত সংখ্যক নরমাল ডেলিভারি এই প্রথম।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধারা অব্যাহত থাকলে মাতৃ ও নবজাতক মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ । ৩:৩০ অপরাহ্ণ