আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বরিশাল-৫ (সদর) আসন থেকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম নাহিদ।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় তিনি বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিসার জনাব মোস্তফা কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারিকুল ইসলাম নাহিদ বলেন, আমরা শুধু ক্ষমতার পরিবর্তনের রাজনীতি করি না; আমরা ইনসাফভিত্তিক রাষ্ট্র, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতিতে এসেছি। যেখানে ন্যায়বিচার থাকে না, সেখানেই দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের জন্ম হয়।
তিনি আরও বলেন, “বরিশাল-৫ আসনের মানুষের সার্বিক উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই হবে আমার মূল অঙ্গীকার। সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই জনগণের প্রকৃত উন্নয়ন সম্ভব।”
সবশেষে তিনি বরিশাল-৫ আসনের সর্বস্তরের ভোটারসহ দেশবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করেন।
এ সময় এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর কমিটির সদস্য সচিব জি এম রাব্বি, যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সদস্য সাইদুল ইসলাম সাঈদসহ দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ । ৬:০৩ অপরাহ্ণ