মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার মুসলিম ব্রাদারহুডের নির্দিষ্ট কিছু শাখাকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণার প্রক্রিয়া শুরু করেছেন।
এ পদক্ষেপের ফলে আরব বিশ্বের সবচেয়ে পুরোনো ও প্রভাবশালী আন্দোলনগুলোর একটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
হোয়াইট হাউসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাম্প একটি নির্বাহী আদেশে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নির্দেশ দিয়েছেন—লেবানন, মিসর এবং জর্ডানের মতো দেশে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী হিসেবে ঘোষণার উপযোগিতা যাচাই করে প্রতিবেদন দিতে।
প্রতিবেদন জমা দেওয়ার ৪৫ দিনের মধ্যে সম্ভাব্য যেকোনো সংস্থা বা শাখাকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নিতে বলা হয়েছে।
ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে, এসব দেশের মুসলিম ব্রাদারহুড গোষ্ঠী ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে সহিংস হামলা সমর্থন বা উসকানি দিচ্ছে, অথবা ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে আর্থিক ও উপকরণগত সহায়তা দিচ্ছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ । ৬:১৯ অপরাহ্ণ