খুঁজুন
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন, ১৪৩২

যুবলীগ নেতাকে ভাত খাইয়ে ক্লোজড সাবেক ওসিসহ ৬ পুলিশ

বরগুনা প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
যুবলীগ নেতাকে ভাত খাইয়ে ক্লোজড সাবেক ওসিসহ ৬ পুলিশ

বরগুনায় কোর্ট পুলিশের ব্যারাকে পুলিশের বিছানায় বসে বিভিন্ন মামলায় অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা সভাপতিকে ভাত খাওয়ালেন সাবেক ডিবির ওসি বশির আলম। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনায় বশির আলমসহ ব্যারাকে দায়িত্বরত ৬ পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করেছেন বরগুনার পুলিশ সুপার। বশির আলম আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক হিসেবে নিয়োজিত ছিলেন।

সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলার অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে আছেন যুবলীগ নেতা আরিফ উল হাসান। ব্যারাকে তার পাশে স্বজনদের সঙ্গে বসে থাকতে দেখা যায় কোর্ট পুলিশ পরিদর্শক ও বরগুনার সাবেক গোয়েন্দা পুলিশের ওসি বশির আলমকেও।

২২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, আরিফ তার স্বজনদের উপস্থিতিতে পুলিশের ব্যারাকে পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন। ভিডিওর ৯ সেকেন্ডে দেখা যায়, একই বিছানায় কোর্ট পুলিশ পরিদর্শক বশির আলমের সঙ্গে একান্ত আলাপ করছেন তিনি। এরপর তাকে আবারও খাবার খেতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময়ও আলোচনায় ছিলেন বশির আলম। তখন গোয়েন্দা পুলিশের পরিদর্শক হিসেবে আন্দোলনকারীদের ব্যাপক হয়রানি করেছিলেন তিনি। সরকার পরিবর্তনের পর কর্মস্থল পরিবর্তন হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ সুযোগে আইনের বিধি-নিষেধের তোয়াক্কা না করে এখনো প্রকাশ্য সহযোগিতা করছেন বিভিন্ন মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। তাই কোর্ট পরিদর্শক বশির আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

এ বিষয়ে বরগুনা জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুরুল আমিন বলেন, অ্যাডভোকেট আরিফ আমতলী যুবলীগ নেতা; তার বিরুদ্ধে সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে ঢাকা ও বরগুনায় মামলা রয়েছে। এছাড়া আমতলীতে তার স্ত্রীর দায়ের করা একটি যৌতুক মামলা আছে। এ মামলায় ২ সেপ্টেম্বর তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল।

তিনি বলেন, খাবার খাওয়ার যে বিষয়টি শুনেছি, এটির আইনি সুযোগ নেই। এতে খাবারের মাধ্যমে দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে। এ বিষয়ে অভিযুক্ত কোর্ট পুলিশ পরিদর্শক বশির আলম বক্তব্য প্রদানে অস্বীকৃতি জানান। এছাড়া প্রকাশিত ভিডিওতে তিনি বা এটি কোর্ট ব্যারাকের নয় বলেও দাবি করেন।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, ওই দিন হাজতখানায় মেরামতের কাজ চলছিল। ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে পুলিশি নিরাপত্তায় কোর্ট ব্যারাকে রাখা হয়। এ বিষয়টি আমাকে আদালতের ম্যাজিস্ট্রেট জানিয়েছেন। সেখানে তার কিছু আত্মীয়-স্বজনও এসেছিল। তবে ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। তাদের নির্দেশনায় ওইদিন দায়িত্বে থাকা সব পুলিশ সদস্যকে প্রত্যাহার করে বরগুনায় সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চে বরগুনার বামনা থানার ওসি থাকাকালে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগে বশির আলম সমালোচনার মুখে পড়েন। ভুক্তভোগী ব্যবসায়ী ৯৯৯ নাম্বারে ফোন করলে তিনি বাধ্য হয়ে ২০ হাজার টাকা ফেরত দেন। পরবর্তীতে ওই ঘটনার জের ধরে তাকে বদলি করা হয়।

 

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী পদে শপথ নেন তিনি। তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

শপথ অনুষ্ঠানে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগেসহ বিভিন্ন বিদেশের প্রতিনিধি, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে শপথ নেন সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। তবে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তারা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

পরে একই স্থানে শপথ নেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ১১ দলীয় জোটের সংসদ সদস্য এবং স্বতন্ত্র সদস্যরা। ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। শপথ বাক্য পাঠ করান সিইসি।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়।

যার মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফল ঘোষণা করা হয়নি।নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন।  বিএনপির শরিকরা জয় পেয়েছে তিনটি আসনে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী জয় পেয়েছে ৬৮টি আসনে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকরা পেয়েছে ৯টি আসন। তাদের মধ্যে এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে বিজয়ী হয়েছে।

এছাড়া ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয়ী হয়েছে। বাকি সাতটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

মন্ত্রিসভায় স্থান পেলেন ৩ নারী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
মন্ত্রিসভায় স্থান পেলেন ৩ নারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আজ মঙ্গলবার সকালেই। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হয়।

এ মন্ত্রিসভায় রাখা হয়েছে তিন জন নারীকে। পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় থাকছেন তিনজন।

 

যে তিন নারী রয়েছেন মন্ত্রিসভায়: সংসদে মন্ত্রী হিসেবে থাকছেন আফরোজা খানম। প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন শামা ওবায়েদ ইসলাম ও ফারজানা শারমিন।

বরিশাল বিভাগ পেলো ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

মো: ফিরোজ গাজী
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
বরিশাল বিভাগ পেলো ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছে বরিশাল বিভাগের ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী। এর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে বরিশাল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে।

ভোলা জেলার মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়াও বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি ও পটুয়াখালী-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এদিকে প্রথমবার বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক নিয়ে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন রাজীব আহসান। তিনি রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর প্রথমবারেই রাজীব আহসান মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হওয়ায় এলাকাজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহন অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেছেন।

এছাড়াও পিরোজপুর-২ আসন থেকে বিজয়ী হওয়া আহম্মদ সোহেল মঞ্জুর প্রতিমন্ত্রী হিসেবে পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব।